নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ ক্যামেরার মাধ্যমে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে মামলা করা হচ্ছে। ইতোমধ্যে এ ব্যবস্থায় প্রায় দেড় হাজার মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, জিয়া উদ্যান সংলগ্ন লেক রোডসহ মোট চারটি নতুন স্থানে এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু করা হয়েছে। এর ফলে রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এখন স্বয়ংক্রিয় ট্রাফিক পর্যবেক্ষণ ও মামলা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ডিএমপি কমিশনার জানান, পর্যায়ক্রমে রাজধানীর আরও অধিকাংশ গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে, যাতে ট্রাফিক আইন বাস্তবায়ন আরও কার্যকর করা যায়।
অটোরিকশা চলাচল প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ চলছে। তিনি আরও উল্লেখ করেন, রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু পুলিশের পক্ষে এককভাবে পালন করা সম্ভব নয়; এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

