সময়পত্র ডেস্ক: দেশের বাজারে টানা একদিনের ব্যবধানে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্যতালিকা প্রকাশ করে জানিয়েছে, ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এ মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে নতুন এ দাম নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
বাজুস আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজের ভিত্তিতে মজুরি আলাদাভাবে নির্ধারিত হবে। এছাড়া স্বর্ণালঙ্কারের নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে পৃথকভাবে ভ্যাট আদায় করা হবে না।

