নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। জরুরি উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তার জন্য তিনি আড়াই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও এ তথ্য নিশ্চিত করেছে।
নেইমারের দেওয়া এই অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও অস্থায়ী আশ্রয়ের জন্য ব্যয় করা হবে।
দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে এক খুদে বার্তায় নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য তার হৃদয় কাঁদছে। তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি ও শক্তি জোগাবে।
উল্লেখ্য, ভয়াবহ এই ভূমিকম্পে ভেনেজুয়েলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৫০ জন নিহত হয়েছেন। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে ব্রাজিল দলের হয়ে বিশ্বকাপে খেলছেন। চোটের কারণে দলের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে ফেরেন এই তারকা ফুটবলার।

