সময়পত্র ডেস্ক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচন করা পদ্মা সেতু চালুর চার বছর পূর্ণ করেছে। এই সময়ে সেতুটি দিয়ে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন চলাচল করেছে এবং টোল বাবদ আয় হয়েছে প্রায় ৩ হাজার ৩৯৪ কোটি টাকা।
পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর ওই বছর সেতু ব্যবহার করে ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন। এতে টোল থেকে আয় হয় ৪০২ কোটি ৯৬ লাখ টাকার বেশি।
পরবর্তী বছরগুলোতে সেতুতে যানবাহনের চাপ ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়। ২০২৩ সালে ৬২ লাখ ৫৭ হাজার ৪৯৪টি যানবাহন চলাচল করে, যার বিপরীতে টোল আদায় হয় ৮১৪ কোটি ৬৮ লাখ টাকারও বেশি। ২০২৪ সালে সেতু ব্যবহারকারী যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৭ লাখ ৩৪ হাজার ৯০৪টিতে এবং টোল আদায় হয় ৮৩৬ কোটি ৪৫ লাখ টাকার বেশি।
সবচেয়ে বেশি যানবাহন চলাচল রেকর্ড করা হয় ২০২৫ সালে। ওই বছর ৭২ লাখ ৪১ হাজার ৫৮৭টি যানবাহন পদ্মা সেতু পারাপার করে। একই সঙ্গে টোল আদায়ও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ৮৮৮ কোটি ৮১ লাখ টাকার বেশি।
চলতি বছর ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত সেতু দিয়ে চলাচল করেছে ৩৬ লাখ ৯০ হাজার ৭৮১টি যানবাহন। এ সময়ে টোল আদায় হয়েছে ৪৫১ কোটি ৫৩ লাখ টাকার বেশি।
সব মিলিয়ে ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত পদ্মা সেতু ব্যবহার করেছে মোট ২ কোটি ৬৭ লাখ ১৫ হাজার ২৩১টি যানবাহন। একই সময়ে টোল থেকে সরকারের আয় হয়েছে ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
সংশ্লিষ্টদের মতে, পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেনি, বরং দেশের দক্ষিণাঞ্চলের বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলেছে। ফলে দিন দিন এ পথে যানবাহনের সংখ্যা বাড়ছে।
উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন সাধারণ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতু।

