নিজস্ব প্রতিনিধি: চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পসহ বাংলাদেশের বিভিন্ন নদীর উন্নয়ন ও পানি সম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী দেশের নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
আলোচনায় তিনি নদী খনন কার্যক্রমের অগ্রগতি উল্লেখ করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা কামনা করেন। একই সঙ্গে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেন।
জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে পানি খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, এ খাতে বাংলাদেশ-চীন সম্পর্ক দীর্ঘদিনের এবং গবেষণাভিত্তিক সহযোগিতার মাধ্যমে তা আরও শক্তিশালী হয়েছে।
লি গোওইং ২০০৫ সালে স্বাক্ষরিত বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক এবং গত বছরের চীনা বিশেষজ্ঞ দলের বাংলাদেশ সফরের বিষয়ও উল্লেখ করেন। তার মতে, দুই দেশের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর ও বাস্তবমুখী সহযোগিতার ভিত্তি ইতোমধ্যেই তৈরি হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং নৌপথ উন্নয়নে চীনের সহায়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এ বিষয়ে চীনের মন্ত্রী জানান, পানি ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কাজে লাগতে পারে। পাশাপাশি বাংলাদেশি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য চীনে আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

