নিজস্ব প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার চিলকা নদী থেকে বালি-পাথর উত্তোলনের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকার মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদী থেকে এটি পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম নদী থেকে বালি-পাথর তোলার সময় মর্টার শেলটি খুঁজে পান। পরে তারা সেটি বাড়িতে নিয়ে গেলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির পাশের সড়কে মর্টার শেলটি ফেলে রেখে যান।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি রাত্রীকালীন টহল দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বালি-পাথর উত্তোলনের সময় শ্রমিকরা পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি পান। বিষয়টি জানার পর পুলিশ দ্রুত সেটি জব্দ করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে।
তিনি আরও বলেন, মর্টার শেলটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। তাদের বিশেষজ্ঞ দল এসে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

