নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহে স্বাস্থ্যসম্মত ও আধুনিক উপায়ে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন করা হয়েছে। প্রায় ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ স্থাপনাটি বুধবার (১৭ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কসাইখানা নির্মাণের জন্য ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌরসভার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে একই বছরের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ক্রিস্টালটেক-এনএকে (জেভি)’ নির্মাণকাজ শুরু করে।
দীর্ঘ নির্মাণ প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আধুনিক কসাইখানাটি আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। উদ্বোধনের মাধ্যমে এটি এখন কার্যক্রম পরিচালনার জন্য উন্মুক্ত হলো।
৪৯ শতক জমির ওপর নির্মিত কসাইখানাটির মূল জবাই ও প্রক্রিয়াজাতকরণ এলাকা প্রায় আড়াই হাজার বর্গফুটজুড়ে বিস্তৃত। আধুনিক প্রযুক্তিনির্ভর এ স্থাপনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশু জবাই ও মাংস সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, গরু ও ছাগল জবাইয়ের জন্য এখানে পৃথক দুটি ‘স্লটার লাইন’ স্থাপন করা হয়েছে। ফলে দুই ধরনের পশু আলাদাভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রক্রিয়াজাত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় পরিচালিত এই কসাইখানায় প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি গরু এবং প্রায় ২০টি ছাগল জবাই ও প্রক্রিয়াজাত করা যাবে। এর ফলে নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রকল্প।
সংশ্লিষ্টরা আশা করছেন, আধুনিক এ কসাইখানা চালুর মাধ্যমে ঝিনাইদহে মাংস প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থায় নতুন মানদণ্ড প্রতিষ্ঠিত হবে এবং পৌর এলাকার বাসিন্দারা আরও স্বাস্থ্যসম্মত সেবা পাবেন।

