নিজস্ব প্রতিনিধি: ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের পর কলম্বো হয়ে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার (১৫ জুন) সকাল ১১টার দিকে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের একটি সম্মেলনে অংশ নিতে ঢাকা থেকে দিল্লি যান ডা. জাহেদ উর রহমান। তবে সেখানে পৌঁছে তিনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন বলে জানা গেছে।
সূত্র জানায়, প্রতিমন্ত্রীর পদমর্যাদার কারণে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য হলেও তিনি রোববার বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি যান। বিমানবন্দরে অবতরণের পর ভারতীয় কর্তৃপক্ষের নজরদারি তালিকার ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়।
দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তিনি নিজেই তার পাসপোর্ট ফেরত চান এবং ভারত সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। পরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে যথাযথ সম্মানের সঙ্গে দেশটিতে প্রবেশের অনুরোধ জানায় বলে জানা গেছে।
তবে আত্মসম্মান ও প্রটোকলের বিষয়টি বিবেচনায় নিয়ে সেই প্রস্তাব গ্রহণ করেননি ডা. জাহেদ উর রহমান। এরপর তিনি কলম্বো হয়ে ঢাকায় ফেরার উদ্যোগ নেন।
সোমবার সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

