নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) হিউম্যান রিসোর্সেস অ্যান্ড লিডারশিপ ক্লাব (এইচআরএলসির) আয়োজিত ‘ইনিশিয়েশন ৭.০’’এর আইস ব্রেকিং সেশনে অ্যাপারেল পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান “দি প্লাস্টিসিটি”।
সোমবার (৮ জুন) রাজধানীর মিরপুরে অবস্থিত বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের নবনিযুক্ত সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। নেতৃত্ব বিকাশ, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন এবং সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির ব্যবসা অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল আকবর খান।
এছাড়াও বক্তব্য রাখেন অ্যাপারেল পার্টনার “দি প্লাস্টিসিটি’ কোম্পানির পরিচালক এস এম সাবিহা জামান। এসময় তিনি বলেন, “আজকের ছোট ছোট অভিজ্ঞতাই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। নিজেদের স্বপ্নের প্রতি আস্থা রাখুন, শেখার আগ্রহ বজায় রাখুন এবং প্রতিটি সুযোগকে কাজে লাগান।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ সময়।” এ ধরনের ইতিবাচক উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন তিনি এবং ভবিষ্যতেও তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, তরুণদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে নবীন সদস্যদের উদ্যম, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রত্যাশা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য বিইউপি হিউম্যান রিসোর্সেস অ্যান্ড লিডারশিপ ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান সংশ্লিষ্টরা।

