নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বালুবোঝাই ড্রাম ট্রাক ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজি চালক আক্কাছ মিয়া (৩৮) এবং যাত্রী মনোয়ারা বেগম (৭০)। আক্কাছ মিয়া উপজেলার বেঙ্গাডোবা এলাকার বাসিন্দা ও বাবু মিয়ার ছেলে। মনোয়ারা বেগম একই এলাকার মৃত কামরুল হাসানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা দক্ষিণ বেজুড়া এলাকার একটি সেতুর ওপর অন্য একটি সিএনজিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে সেটির সরাসরি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালক আক্কাছ মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত তিন যাত্রীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত তাকলিমা বেগম ও লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

