নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপকে ঘিরে প্রিয় দল ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ভাটবাউর এলাকার বাসিন্দা মুন্নু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ উপলক্ষে নিজের পছন্দের দল ব্রাজিলকে সমর্থন জানাতে একটি আমগাছে পতাকা টানানোর জন্য ওঠেন ফয়সাল। গাছটির পাশ দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইন চলে যাওয়ায় অসাবধানতাবশত তার শরীর বিদ্যুতের তারের সংস্পর্শে আসে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে গেলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্রাজিলের পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সালের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

