সময়পত্র ডেস্ক: মাদারীপুরে হত্যা ও মাদক মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি সবুজ ও হত্যা মামলার আসামি আরিফ চৌকিদারকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেফতারের পর আসামিদের অনুসারীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা থানা ঘেরাও এবং গ্রেফতার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও পাঁচজনকে আটক করে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

