সময়পত্র ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প উপস্থাপন করা হয়। যাচাই-বাছাই শেষে ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়), সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, ময়মনসিংহ সিটি করপোরেশন-এর নগর ভবন নির্মাণ প্রকল্প, আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প, ৩৩টি জেলায় সার্কিট হাউস উন্নয়ন এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন প্রকল্প, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২, ঢাকা সিএমএইচ-এ ক্যানসার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়), মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট প্রকল্প, দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্প।
সরকারি সূত্র জানিয়েছে, প্রকল্পগুলোর বেশিরভাগ অর্থায়ন সরকারি তহবিল থেকে করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

