নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছে।
রোববার (৭ জুন) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন।
রিট আবেদনে একটি উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবীর আশা, আগামী সোমবার (৮ জুন) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।
ইউনুস আলী আকন্দের অভিযোগ, বিদ্যমান তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল হওয়ার আশঙ্কা রয়েছে। তার দাবি, নবজাতকদের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা বা গাফিলতির বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি হাসপাতাল ভবনটি সংশ্লিষ্ট নির্মাণবিধি ও রাজউকের নির্দেশনা মেনে নির্মিত হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার আহ্বান জানান তিনি।
রিটে আরও বলা হয়েছে, চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সহায়তা হিসেবে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা উচিত।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতক অল্প সময়ের ব্যবধানে মারা যায়। এ ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হলে স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

