নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বাসস্ট্যান্ড এলাকার একটি মিষ্টির দোকানে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে কালাচাঁন মিষ্টির দোকানে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের মোবাইল রিচার্জ, মুদি ও কনফেকশনারি দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও বিভিন্ন পণ্যসামগ্রী পুড়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- কালাচাঁন মিষ্টান্ন ভান্ডারের মালিক রাজিব, নিমাইচাঁন মিষ্টান্ন ভান্ডারের মালিক জয়ন্ত ঘোষ (দিব), কনফেকশনারি মালিক তৌহিদুর রহমান তুহিন ও বাবুল হোসেন।
খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আগুন আশপাশের অন্যান্য দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তাবাচ্ছুম স্টোরের মালিক মো. তুহিন বলেন, “রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার দোকানের সবকিছু পুড়ে গেছে। প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ও সম্পদ নষ্ট হয়েছে। এই দোকানের আয়েই আমার পরিবার চলত। এখন আমি দিশেহারা।”
স্থানীয় বাসিন্দা মো. সাদেক জানান, গভীর রাতে দোকানগুলো বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহিবুর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া গেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সরকারিভাবে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

