নিজস্ব প্রতিনিধি: আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। অভিযোগ গঠনের মাত্র চার দিনের মধ্যেই যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ আদেশ দেন।
এদিন সকালে মামলার যুক্তিতর্ক শুরু হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ নিজ নিজ অবস্থানের পক্ষে চূড়ান্ত বক্তব্য আদালতে উপস্থাপন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলায় ১৬ জন সাক্ষীর জবানবন্দি এবং আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক বক্তব্যে অপরাধ প্রমাণিত হয়েছে। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান।
অন্যদিকে, রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, মৃত্যুদণ্ডের উপযুক্ত অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। তাই তারা আসামিদের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন।
উল্লেখ্য, গত ১ জুন মামলার বিচার কার্যক্রম শুরু হয়। ২ জুন রামিসার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। পরদিন আত্মপক্ষ সমর্থন করেন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন।

