
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে সংঘটিত আলোচিত ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার চার দিন পর ঢাকার মিরপুরের বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা ডিবি ইনচার্জ মানবেন্দ্র মালো। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে মিরপুর বেড়িবাঁধএলাকা থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি দৌলতপুর উপজেলার কাচারিপাড়া গ্রামের সুলতানের ছেলে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে রাতে পারিবারিক বিরোধের জেরে ইউসুফ আলী তার বড় ভাইয়ের স্ত্রী আমিনা আক্তার এবং তিন বছর বয়সী ভাতিজাকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। একই ঘটনায় বড় ভাই ছালাম মিয়াকেও হত্যার চেষ্টা করা হয়।
ঘটনার পরদিন নিহতদের স্বজন ও ছালাম মিয়ার শাশুড়ি মিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় ইউসুফ আলীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তবে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ব্যক্তি বা পক্ষের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
