নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার বাদী ও রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা আদালতে সাক্ষ্য দিয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সকালে অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়।
ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ সময় রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা ন্যায়বিচারের দাবি জানান। এছাড়া আজ আরও কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।
এর আগে সোমবার আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন।
মামলায় প্রত্যক্ষদর্শী, ফরেনসিক বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তাসহ মোট ১৮ জন সাক্ষী রয়েছেন।

