আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তথ্যসূত্র: সিএনএন
সোমবার (১ জুন) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা হলে চলমান যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন, লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছিল, তবে তিনি খুব দ্রুত সেটি সমাধান করেছেন।
ট্রাম্প দাবি করেন, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে গুলি বিনিময় বন্ধে তিনি কথা বলেছেন। পাশাপাশি, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গেও ফোনে আলোচনা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষই পরে গুলি চালানো বন্ধ করেছে।
এর আগে, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির প্রস্তাবিত খসড়ায় তৃতীয় দফা সংশোধনের কথা জানায় হোয়াইট হাউস। যদিও সংশোধিত খসড়ার বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, চুক্তির জন্য ইরান আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।
তবে তেহরান জানিয়েছে, দেশের জনগণের অধিকার ও স্বার্থ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কোনো চুক্তিতে সম্মত হবে না।

