ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে আর্সেনালকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার (৩০ মে) বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় শেষ হয়।
ম্যাচের শুরুতেই আর্সেনাল এগিয়ে যায়। ষষ্ঠ মিনিটে কাই হাভার্টজ গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি ইংলিশ ক্লাবটি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে পিএসজি। ৬৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে উসমান দেম্বেলে গোল করে সমতা ফেরান। এরপর দুই দলই একাধিক সুযোগ পেলেও আর কোনো গোল হয়নি।
অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই দলের লড়াই জমে ওঠে। শেষ পর্যন্ত পিএসজির লুকাস বেরালদো গোল করলেও আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস নিজের শট লক্ষ্যভ্রষ্ট করেন।
ফলে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট জেতে পিএসজি। এই জয়ে ইউরোপীয় ফুটবলে নিজেদের শক্ত অবস্থান আরও দৃঢ় করল ফরাসি ক্লাবটি।

