মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি ‘দারুণ চুক্তি’ করতে তার কোনো তাড়াহুড়ো নেই। রোববার (৩১ মে) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তথ্যসূত্র: ফক্স নিউজ
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি ভালো চুক্তির দিকে এগোচ্ছে। তবে শেষ পর্যন্ত চুক্তি না হলে তারা অন্য উপায়ে পরিস্থিতির সমাধান করবে। যদিও তিনি কূটনৈতিক সমাধানকেই বেশি গুরুত্ব দেন বলে জানান।
তার ভাষায়, চুক্তির মাধ্যমে সমাধান হলে অনেক মানুষের জীবন রক্ষা পাবে। একই সঙ্গে তিনি দাবি করেন, চুক্তি স্বাক্ষরিত হলে হরমুজ প্রণালি দ্রুত উন্মুক্ত করা সম্ভব হবে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে নিজেদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। ভালো চুক্তি করতে হলে ধৈর্য প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “খুব বেশি তাড়াহুড়ো করলে কখনোই ভালো চুক্তি করা যায় না। আমরা ধীরেসুস্থে এগোচ্ছি এবং যা চাই, তা পাওয়ার দিকেই এগোচ্ছি। তবে কাঙ্ক্ষিত ফল না এলে ভিন্ন উপায়ে এর সমাপ্তি টানা হবে।”

