সময়পত্র ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৭ জন শিশু।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮২৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ৫১ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৫৬৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৪৭৫ শিশু এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৮৮ জন।
এ সময়ে দেশে মোট ৬৭ হাজার ৯০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ১৮২ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫০ হাজার ৯২৬ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮৫ জনে।

