নিজস্ব প্রতিনিধি: হাম আক্রান্ত এলাকার হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক ও নার্সদের ঈদুল আজহার ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্ত শিশুদের ঈদের সময় ভিড় বা জনসমাগমে না নেওয়াই ভালো। একই সঙ্গে আত্মীয়-স্বজনের বাসায় যাতায়াত থেকেও বিরত থাকার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আক্রান্ত শিশুদের আলাদা রাখার বিষয়ে সচেতন হতে হবে।
টিকার ঘাটতির বিষয়ে মন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারের ব্যর্থতার কারণেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শিশুদের জীবন রক্ষায়।
তিনি বলেন, “আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেটিই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
বিশেষজ্ঞদের বরাত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে কিছুটা সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, বর্তমানে রোগীর সংখ্যা খুব বেশি বাড়ছেও না, আবার উল্লেখযোগ্যভাবে কমছেও না।

