নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পথে একটি বালুবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

