ক্রীড়া ডেস্ক: ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান ফরোয়ার্ড লুকাস পোডলস্কি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্ত জানান এই তারকা ফুটবলার।
বর্তমানে পোল্যান্ডের ক্লাব গোরনিক জাব্রজের অধিনায়ক হিসেবে খেলছিলেন পোডলস্কি। সম্প্রতি দলটিকে পোলিশ কাপ জেতানোর পাশাপাশি ক্লাবটির মালিকানাও গ্রহণ করেন তিনি। এরপর থেকেই তার অবসর নিয়ে আলোচনা চলছিল।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে পোডলস্কি লেখেন, “একটি অধ্যায় শেষ হচ্ছে, নতুন এক যুগ শুরু হচ্ছে।” শনিবার রাদোমিয়াক রাদোমের বিপক্ষে ম্যাচটিই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
বিদায়ী ভিডিওতে নিজের খেলা বিভিন্ন ক্লাবের জার্সি সাজিয়ে রাখেন এই জার্মান তারকা। পরে শান্ত ভঙ্গিতে বলেন, “ঠিক আছে, আজকের কাজ শেষ।”
তার বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছে গোরনিক জাব্রজ ক্লাবও। তারা জানিয়েছে, “সবকিছুর জন্য ধন্যবাদ, পোলদি। নতুন যাত্রার জন্য শুভকামনা।”
দীর্ঘ ক্যারিয়ারে ইউরোপের একাধিক বড় ক্লাবে খেলেছেন পোডলস্কি। বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, ইন্টার মিলান ও গ্যালাতাসারাইয়ের মতো ক্লাবের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি।
২০০৪ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক ফুটবে অভিষেক হয় পোডলস্কির। জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৪৯টি গোল করেছেন তিনি। এছাড়া ২০০৬ ফিফা বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন এই ফরোয়ার্ড।

