নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, ডিএনএ পরীক্ষা ছাড়া চার্জশিট দেওয়া হলে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। এ ধরনের মামলায় ডিএনএ রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে।
তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের ডিএনএ রিপোর্ট পেতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না। ঈদের আগেই চার্জশিট জমা দেওয়া সম্ভব হলে ঈদের পর মামলার বিচারকাজ শুরু করা যাবে। এতে জনমনে থাকা প্রত্যাশা পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে।
পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

