সময়পত্র ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। একই দিনে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট।
যাত্রীসেবার কথা বিবেচনায় রেখে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এই সময়ে কেনা টিকিট ফেরতযোগ্য নয় বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক আসন বুকিংয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

