নিজস্ব প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৯ মে) সকালে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে প্রচলিত আইনি প্রক্রিয়ার পাশাপাশি গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি কার্যকরভাবে প্রয়োগ করা জরুরি।
তিনি জানান, আলোচনা, মধ্যস্থতা, সালিশ বা সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে আদালতে মামলার জট কমবে এবং দ্রুত সময়ে সমস্যার সমাধান সম্ভব হবে।
সরকার জনগণের কাছে দায়বদ্ধ থেকে কাজ করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ রাষ্ট্র ও রাজনীতিতে নিজেদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ লক্ষ্যে সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।
ভূমি সেবা সহজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে নাগরিকদের জন্য ‘ভূমি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে সহজে ভূমি সংক্রান্ত সেবা পাওয়া যাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জমি ব্যবস্থাপনা আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা গেলে বিরোধ নিষ্পত্তি সহজ হবে। অনলাইন সেবা চালুর ফলে জমিজমা সংক্রান্ত দুর্ভোগ কমবে এবং ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে।

