নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে ঈদের সম্ভাব্য তারিখ ২৮ মে ধরা হলেও চাঁদ দেখার ওপর নির্ভর করে ওই সময়ের কিছু টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৮, ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট চাঁদ দেখা সাপেক্ষে অনলাইনে ছাড়া হবে। যদি ২৮ মে ঈদ উদযাপিত হয়, তাহলে ২৯ ও ৩০ মে’র টিকিট চাঁদ দেখা কমিটির ঘোষণার পরপরই বিক্রি শুরু হবে।
ঈদের আগের যাত্রার জন্য ১৩ মে বিক্রি করা হয়েছে ২৩ মে’র টিকিট। একইভাবে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হয়েছে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে যাত্রার টিকিট।
অন্যদিকে ঈদ শেষে ফেরত যাত্রার টিকিট ২১ থেকে ২৫ মে পর্যন্ত পর্যায়ক্রমে বিক্রি করা হবে। এসব টিকিটের মাধ্যমে যাত্রীরা ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারেই টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া অগ্রিম কেনা ঈদের টিকিট ফেরতযোগ্য নয়।
যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এ সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

