নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় দুটি পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকাকে ঘিরে এখন নেওয়া হচ্ছে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযান শেষে এলাকায় প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ার পর সেখানে কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরকে এমন একটি এলাকা হিসেবে দেখা হতো, যেখানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশও ছিল সীমিত। এ কারণে এলাকাটিকে অনেকে “দেশের ভেতর আরেক দেশ” বলেও উল্লেখ করতেন।
গত মার্চে যৌথ বাহিনীর প্রায় চার হাজার সদস্যের অভিযানের মাধ্যমে এলাকাটি সন্ত্রাসমুক্ত করা হয়। প্রায় তিন হাজার ১০০ একর আয়তনের এই অঞ্চলে এখন দুটি পুলিশ একাডেমি নির্মাণের প্রস্তুতি চলছে।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানান, পুলিশ সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে ঘিরে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন। এর অংশ হিসেবেই সেখানে দুটি পুলিশ একাডেমি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে রাউজানসহ জেলার বিভিন্ন এলাকায় অপরাধ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নতুন পুলিশ সুপার। তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাউজানে হত্যাকাণ্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি ও অপহরণের ঘটনা বেড়েছে।
এসব অপরাধ দমনে সেনাবাহিনী, র্যাব ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বড় ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আসন্ন কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গরু পরিবহনের পথে যাতে ডাকাতি বা ছিনতাই না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।

