নিজস্ব প্রতিনিধি: রাজধানীর শ্যামলীতে চিকিৎসক ও নার্সের অবহেলার কারণে হামের উপসর্গে আক্রান্ত এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে বাংলাদেশ শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্বজনদের দাবি, তিন দিন আগে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. আসিফ হান্নান জানান, শিশুটি হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
তার দাবি, হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে তদন্তে কারও গাফিলতির প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

