নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি চাঁদপুরের উদ্দেশে রওয়ানা দেন।
সফরসূচি অনুযায়ী, পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর চাঁদপুর পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
চাঁদপুর সফরে শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল এবং সদর উপজেলার বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও উপস্থিত থাকবেন তিনি।
এ ছাড়া দিনব্যাপী বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে। চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক সভাতেও যোগ দেবেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তাদের আশা, এই সফরের মাধ্যমে চাঁদপুরের জন্য নতুন উন্নয়ন পরিকল্পনার ঘোষণা আসতে পারে।
সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

