কুইন মার্সি আটাং সম্প্রতি আফ্রিকার জনপ্রিয় পুরস্কার আয়োজন Africa Magic Viewers’ Choice Awards (এএমভিসিএ)–এর লালগালিচায় হাজির হয়ে সবার নজর কাড়েন এক অভিনব পোশাকে। তাঁর পোশাকটি তৈরি করা হয়েছিল ৫০০–এর বেশি আস্ত পাউরুটি দিয়ে। তথ্যসূত্র: বিবিসি
এ বছর লাগোস–এ অনুষ্ঠিত হয় এএমভিসিএর দ্বাদশ আসর। আফ্রিকার চলচ্চিত্র, টেলিভিশন ও ফ্যাশন জগতের অন্যতম বড় আয়োজন হিসেবে পরিচিত এই অনুষ্ঠানেই ব্যতিক্রমী পোশাক পরে হাজির হন আটাং।
পাউরুটি দিয়ে তৈরি ভারী পোশাক পরে হাঁটাচলা করতে বেশ কষ্ট হচ্ছিল তাঁর। লালগালিচায় চলাফেরার সময় কয়েকজন সহকারী তাঁকে সাহায্য করেন।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আটাং জানান, এটি শুধু নজর কাড়ার জন্য নয়; বরং নিজের বেকারি ব্যবসার প্রচারের উদ্দেশ্যেই তিনি এই পোশাক পরেছিলেন। তাঁর ভাষায়, “আমার ব্যবসার প্রচারের জন্য এএমভিসিএর চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে?”
পোশাকটির নকশা করেছেন জনপ্রিয় ডিজাইনার টয়িন লওয়ান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, আটাং নিজের ব্যবসাকে নিজের পোশাকের অংশ বানিয়ে নতুন এক ট্রেন্ড তৈরি করেছেন।
অভিনব এই পোশাক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেক ভক্ত এটিকে সৃজনশীল বিপণনের উদাহরণ হিসেবে প্রশংসা করলেও কেউ কেউ খাবারের অপচয়ের অভিযোগও তুলেছেন। তবে আটাং এ অভিযোগ অস্বীকার করেছেন।

