নিজস্ব প্রতিবেদক: দেশে হামের মতো উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহে ১ জন শিশু মারা গেছে। তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের কারও শরীরে সরাসরি হাম শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৪১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে। এর বাইরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৬৫ জন শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা এখন ৪১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই সময়ের মধ্যে প্রায় ৫০ হাজার ৫০০ শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩৫ হাজার ৯৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ৩১ হাজার ৯৯২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৯৩৭ শিশুর শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

