ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়া পুরুষ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে। তবে দলে নেই তাদের তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড।
মিচেল মার্শ–এর নেতৃত্বে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে দল সাজিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজেও রাখা হয়নি কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডকে।
এ ছাড়া ওয়ানডে থেকে অবসর নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস টি-টোয়েন্টির জন্য প্রস্তুত থাকলেও বাংলাদেশ সফরের দলে জায়গা পাননি। একইভাবে দলে নেই স্টিভ স্মিথ।
আইপিএল শেষে ট্রাভিস হেড, কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডয়ারশুইস ভারত থেকে সরাসরি বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।
এদিকে পাকিস্তান সফরের ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অলিভার পিক।
আগামী ৯ জুন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১১ ও ১৪ জুন। এরপর ১৭ জুন শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন।

