নিজস্ব প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এবং তাঁর স্ত্রী ফৌজিয়া আলম–এর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া। আদালতে শুনানি করেন দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানিয়েছেন, শুনানি শেষে আদালত আবেদন দুটি মঞ্জুর করেন।
দুদকের আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মাহবুব উল আলম হানিফ ও তাঁর স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দ করা প্রয়োজন।
এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে গত বছরের জুলাই মাসে হানিফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

