নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়–এর সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া, যিনি মোনামি নামেও পরিচিত।
সোমবার বেলা ১১টার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি জানান।
শেহরীন আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল প্রাং। তিনি জানান, সকালে সহকারী প্রক্টর তাঁকে ফোনে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন। তবে তিনি একটি সভায় থাকায় পদত্যাগের কারণ এখনো বিস্তারিত জানেন না।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন লেখেন, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমেদ–এর আহ্বানে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেন।
তিনি আরও লেখেন, “গত দুটি বছর আমি সাইফুদ্দীন স্যারের কাছে থেকে শিখেছি কীভাবে একজন প্রক্টরকে অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কীভাবে হাসিমুখে নির্বিকার থেকে সামাল দিতে হয়।”
পোস্টে তিনি জুলাই ও পরবর্তী সময়ের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। তাঁর ভাষায়, “সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি, হয়তো ভবিষ্যতেও হবে না।”
এর আগে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং–কে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৮ আগস্ট প্রক্টরের দায়িত্ব পান অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।

