ভারতের পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ শনিবার (৯ মে) স্থানীয় সময় সকাল ১০টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই আয়োজন। তথ্যসূত্র: এনএ
পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম বিজেপির কোনো নেতা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে শুক্রবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিও।
শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতাদের। এছাড়া দেশের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।
নিরাপত্তার স্বার্থে পুরো অনুষ্ঠানস্থলকে ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে প্রায় ৪ হাজার পুলিশ সদস্য।
অনুষ্ঠানস্থলের মূল মঞ্চে থাকছে বিশাল দুর্গামূর্তি ও বাংলার ঐতিহ্যবাহী নানা শিল্পকর্মের প্রতিকৃতি। পাশাপাশি দর্শনার্থীদের জন্য মাঠজুড়ে রাখা হয়েছে বিভিন্ন খাবারের স্টল, যেখানে পাওয়া যাবে ঝালমুড়ি, রসগোল্লা, সন্দেশসহ জনপ্রিয় বাঙালি খাবার।

