নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী–স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গভীর রাতে আবদুস সালাম শিকদার ও তাঁর স্ত্রী নাসিমা বেগমের ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর দম্পতি নিজেদের তিন সন্তানকে দ্রুত ঘর থেকে নিরাপদে বের করে দেন। তবে সন্তানদের রক্ষা করতে গিয়ে তারা আর বের হতে পারেননি। পরে আগুনের ভেতরেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ভোর চারটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে টিন ও কাঠ দিয়ে তৈরি বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

