নিজস্ব প্রতিবেদক: আইন লঙ্ঘন করে অতালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা অর্থ সুদসহ ফেরত আনতে [ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট] কে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির তথ্য অনুযায়ী, ২০১৩ সালে ‘ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড’ থেকে অতালিকাভুক্ত বেঙ্গল পলি অ্যান্ড পেপার-এ দেড় কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। এখন সেই বিনিয়োগের বিপরীতে ৩০ কার্যদিবসের মধ্যে ৫ কোটি ৭৪ লাখ টাকা ফান্ডে ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না এলে প্রতিষ্ঠানটিকে ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে।
এছাড়া ২০১৭ সালে একই ফান্ড থেকে এএফসি হেলথ-এ ৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়। এ বিনিয়োগের বিপরীতে এখন ১৪ কোটি ৮৫ লাখ টাকা ফেরত আনার নির্দেশ দিয়েছে বিএসইসি। ব্যর্থ হলে ১৬ কোটি টাকা জরিমানার কথাও বলা হয়েছে।
সব মিলিয়ে সাড়ে ৭ কোটি টাকার বিনিয়োগের বিপরীতে প্রায় ২০ কোটি ৫৯ লাখ টাকা ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের সূত্র জানায়, বছরভিত্তিক মুনাফার হিসাব যুক্ত করে এই অর্থ নির্ধারণ করা হয়েছে।
এ ঘটনায় ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-কে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। পাশাপাশি নিরীক্ষক প্রতিষ্ঠান মালেক সিদ্দিকী ওয়ালি অ্যান্ড কোম্পানি-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল-এ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

