বিশ্ববাজারে টানা দুইদিন দাম কমার পর আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য। বৃহস্পতিবার (৭ মে) ব্রেন্ট ক্রুড অয়েল-এর দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। একইসঙ্গে ডব্লিউটিআই ক্রুড অয়েল-এর দামও বেড়ে প্রায় ৯৬ ডলারে পৌঁছেছে। তথ্যসূত্র: দ্য ওয়াশিংটন পোষ্ট
বুধবার ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান কোনো সমঝোতায় রাজি হলে হরমুজ প্রণালি আবার স্বাভাবিকভাবে উন্মুক্ত হতে পারে। এই ঘোষণার পর বাজারে তেলের দাম কিছুটা কমে যায়। একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম নেমে আসে ৯৮ ডলারে এবং ডব্লিউটিআই কমে দাঁড়ায় ৮৯ ডলারে।
তবে পরবর্তীতে ট্রাম্প ইরানকে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিলে বাজারে আবারও অস্থিরতা তৈরি হয়। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হয়ে ১০০ ডলার অতিক্রম করে।
এর আগে গত ২৯ এপ্রিল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২২ ডলারে পৌঁছেছিল, যা ২০২২ সালের পর সর্বোচ্চ হিসেবে বিবেচিত হয়।
বিশ্লেষকরা বলছেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-কে ঘিরে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা এখনও কাটেনি।

