চীন-এর হুনান প্রদেশ-এ একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে প্রদেশের রাজধানী চাংশা-য় অবস্থিত একটি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। শহরটি আতশবাজি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে’ নামের কারখানাটিতে বিস্ফোরণের পর আগুন ও ঘন ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর প্রায় ৫০০ দমকলকর্মী, উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মী ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন।
উল্লেখ্য, বৈশ্বিক আতশবাজি সরবরাহে চীন অন্যতম বড় দেশ। গত বছর দেশটি প্রায় ১.১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রপ্তানি করেছে।

