সংযুক্ত আরব আমিরাত-এর ফুজাইরাহ অঞ্চলের একটি পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় উত্তেজনা নতুন করে বেড়েছে। সোমবার (৪ মে) এই হামলার জন্য ইরান-কে দায়ী করে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে আমিরাত।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুজাইরাহ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনে ড্রোন আঘাত হানলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনজন ভারতীয় নাগরিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে তারা দাবি করেছে, হামলায় ব্যবহৃত একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করা হয়েছে।
অন্যদিকে, ইরান এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে একটি সামরিক সূত্র দাবি করেছে, এই হামলার পেছনে সরাসরি ইরানের কোনো পরিকল্পনা নেই এবং এটি যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ফল হতে পারে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে যুদ্ধবিরতির পর এই প্রথম আমিরাতে বড় ধরনের হামলার ঘটনা ঘটলো। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে ইরানের সংঘাত ঘিরে অঞ্চলে উত্তেজনা তৈরি হয়েছিল, যা হরমুজ প্রণালি-র কার্যক্রমেও প্রভাব ফেলেছিল।
এদিকে, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এক অভিযানে যুক্তরাষ্ট্র দাবি করেছে, বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করা ইরানের ছয়টি নৌকা ধ্বংস করা হয়েছে। পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও সামরিক তৎপরতায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠছে।

