পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার-এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি বলেন, অতিবৃষ্টিতে জলাবদ্ধতা কমানো এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ—দুই লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, যোগাযোগ খাতে উন্নয়নের অংশ হিসেবে ঢাকা-সিলেট রুটে রেলপথ ডাবল লাইন করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সড়কের পাশাপাশি রেল যোগাযোগ বাড়ানো হলে যানজট ও পরিবহন ব্যয় কমবে, পাশাপাশি কৃষিজমির ক্ষতিও কমানো সম্ভব হবে।
স্বাস্থ্যখাতেও নতুন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সিলেট মেডিকেল কলেজ-এ শিগগিরই ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে, যা পর্যায়ক্রমে ১,২০০ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদারে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
ক্রীড়া উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি উদ্যোগ চালু করা হবে, যেখানে দেশব্যাপী প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু অংশ নেবে। এর মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও উল্লেখ করে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন খাতে কাজ শুরু হয়েছে এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে প্রত্যাশিত উন্নয়ন সম্ভব।
এছাড়া নগর পরিচ্ছন্নতা বজায় রাখতে যেখানে-সেখানে বর্জ্য না ফেলার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে উদ্যোগ নেওয়ার জন্য সিটি করপোরেশনকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

