দেশে হাম ও ডেঙ্গুসহ সংক্রামক রোগ মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনসহ মানবসম্পদ—কোনো কিছুরই সংকট নেই। তবে তিনি অভিযোগ করে বলেন, নির্ধারিত বাজেট থাকা সত্ত্বেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথ ব্যয় হয়নি।
তিনি আরও বলেন, আগামী বাজেটে স্বাস্থ্য খাতে সক্ষমতা আরও বাড়ানো হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, মে মাসের মধ্যেই দেশে হামের প্রকোপ কমে গিয়ে প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবে।
এ সময় যক্ষ্মাসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণে বাংলাদেশকে ৬ লাখ মার্কিন ডলারের জিন এক্সপার্ট কার্ট্রিজ এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্স টিবি ওষুধ সহায়তা প্রদান করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

