চব্বিশের জুলাই আন্দোলনে সংঘটিত দুই হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় তাকে জামিন দেন।
এর আগে, গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ওই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান আইভী। তবে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদন বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
পরবর্তীতে, একই দিনে আরও পাঁচটি পৃথক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়। এসব মামলায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি তিনি হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান।
এসব জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে চেম্বার আদালত জামিন স্থগিত করেন এবং বিষয়গুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৩ মে দিন ধার্য রয়েছে।
এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা পৃথক দুই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখাতে আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
সবশেষে, এই দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী।

