নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিংগাইর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ লি:)–এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউসিসিএ লি:–এর সভাপতি আক্তারুজ্জামান সুরুজ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি’র মাঠ সংগঠক একেএম রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেক, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নার্গিস আক্তার এবং ইউসিসিএ লি:–এর সাবেক সভাপতি নূরুল ইসলাম। এ সময় উপজেলার ৬৭টি সমবায় সমিতির কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭৮ সালে সিংগাইরে বিআরডিবি প্রতিষ্ঠার পর থেকে সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। প্রান্তিক কৃষকদের সংগঠিত করে গভীর নলকূপ স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
তারা আরও বলেন, দারিদ্র্য সকল সমস্যার মূল, আর তা দূরীকরণে সমবায় কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। বিআরডিবি’র মাধ্যমে কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া হচ্ছে।
সভায় সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করা, কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সিংগাইর-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

