কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় গ্রেফতার ৫ আসামির মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে আসামিদের কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে সন্ধ্যায় বিচারকের সামনে চারজন আসামি ১৬৪ ধারায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
জবানবন্দি দেওয়া আসামিরা হলেন—মোহাম্মদ সোহাগ (৩০), ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাত হোসেন জুয়েল (২৭)। অপর আসামি ইসমাইল হোসেন জনি (২৮)-কে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।
এর আগে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ফেরার পথে কুমিল্লায় সিএনজি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারীদের কবলে পড়েন ওই কর্মকর্তা।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তারা কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে যাত্রীদের লক্ষ্য করে ছিনতাই চালাতো। ঘটনার রাতে জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় তারা বুলেট বৈরাগীকে সিএনজিতে তুলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে কোটবাড়ি এলাকায় চলন্ত গাড়ি থেকে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

