দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৪৮ জন।
সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত একদিনে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর প্রাণহানি ঘটে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সারাদেশে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৮৬ জনে। এর মধ্যে ৪ হাজার ৬৯৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে ২২ হাজার ৪৪২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ হাজার ১৮ জন শিশু।

