দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার আশঙ্কার পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দফতর-এর নির্দেশে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সহ সব বিমানবন্দরকে বাড়তি নজরদারির আওতায় আনা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, দেশের ৮টি বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, বিমানবন্দরগুলো সব সময়ই নিরাপত্তার মধ্যে থাকে, তবে নতুন নির্দেশনার পর তা আরও জোরদার করা হয়েছে।
এর আগে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো—বিশেষ করে জাতীয় সংসদ ভবন—কে লক্ষ্য করে হামলার আশঙ্কার কথা জানিয়ে একটি সতর্কবার্তা পাঠায় পুলিশ সদর দফতর। ওই বার্তায় রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়।
বার্তায় নির্দিষ্ট কোনো সংগঠনের নাম উল্লেখ না থাকলেও সম্প্রতি এক উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদকে গ্রেফতারের তথ্যও তুলে ধরা হয়।

